মধ্যপ্রাচ্য

হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন হামলা মানবতার বিরুদ্ধে বড় অপরাধ: পেজেশকিয়ান

তেহরান, ৮ আগস্ট – যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক বোমা হামলাকে মানবতার বিরুদ্ধে অন্যতম বড় অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন যে সেই হামলার পেছনে যে মানসিকতা কাজ করেছিল বর্তমানেও বিভিন্ন দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের হুমকিতে একই মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। জাপানের এই দুটি শহরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার বার্ষিকী উপলক্ষে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

পেজেশকিয়ান উল্লেখ করেন যারা হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়াবহতাকে প্রত্যাখ্যান করেন তাদের উচিত ওয়াশিংটনের বর্তমান নীতিরও নিন্দা জানানো। তিনি আরও বলেন যে এই মানসিকতা আজ বিভিন্ন জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র হিরোশিমায় এবং ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে।

এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটেছিল যা আজও বিশ্ববাসীকে শিহরিত করে। মূলত পারমাণবিক যুদ্ধের ভয়াবহ মানবিক পরিণতির কথা স্মরণ করিয়ে দিতে এবং এই অস্ত্রের ব্যবহার প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button