ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুর হাসপাতালে সিজার অপারেশন চালু হচ্ছে: জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া, ২০ জুন – জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি জানান, দেশব্যাপী ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে এবং প্রথম পর্যায়ের দশটি হাসপাতালের তালিকায় বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টায় হাসপাতালটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বাঞ্ছারামপুর হাসপাতালে এখন থেকে সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু হবে বলে তিনি ঘোষণা দেন। জোনায়েদ সাকি বলেন, হাসপাতালে দুইজন নতুন চিকিৎসক যোগদান করায় বিদ্যমান সংকট কিছুটা লাঘব হবে।

গর্ভবতী মায়েরা এখন থেকে এখানেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবেন। খুব দ্রুত আরও চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। চিকিৎসকের ঘাটতি পূরণ করে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এর ফলে দরিদ্র রোগীদের অপারেশনের জন্য আর ঢাকা যাওয়ার প্রয়োজন হবে না এবং তাদের খরচও অনেকাংশে কমে আসবে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মেঘনা নদীতে সেতু নির্মিত হলে বাঞ্ছারামপুর ঢাকার অনেক কাছে চলে আসবে এবং এখানে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে অনাবাদি জমিগুলোতে কলকারখানা গড়ে উঠবে। ইতিমধ্যে বাঞ্ছারামপুর থেকে নবীনগর পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয়েছে।

এছাড়া পৌরসভার ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরিয়ে আনতে তীরের পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পরিদর্শনকালে বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক রবিউল হাসান ভূইয়া, ওসি তদন্ত আবু সাইদ, হাসপাতালের চিকিৎসকগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন জানান, নতুন করে এ্যানেসথেসিয়া এবং গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক যোগদান করায় এখন থেকে এই হাসপাতালে নিয়মিত সিজার অপারেশন করা সম্ভব হবে।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language