ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ জুন – ব্রাহ্মণবাড়িয়া জেলায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ চালুসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,

দেশের অন্যতম গ্যাসসমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। এর ফলে এলাকায় শিল্পায়ন ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। দ্রুত এই বঞ্চনা দূর করে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

সমাবেশ থেকে উপস্থাপিত ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ চালু করা, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস লাইনের স্থায়িত্ব নিশ্চিত করা এবং গ্যাসের লোড বৃদ্ধি করা।

এছাড়া তিতাস ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডসের নিয়োগে স্থানীয়দের জন্য ৫০ শতাংশ কোটা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা জেলার গ্যাসক্ষেত্র থেকে সরকারের অর্জিত আয়ের অর্ধেক অংশ ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ব্যয় করার দাবিও তুলে ধরেন। কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language