ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসমারোহে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ জুলাই – ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণ থেকে এই উল্টো রথযাত্রার র‍্যালিটি শুরু হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। উৎসবকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই হাজার হাজার পুণ্যার্থী ও ভক্ত আনন্দময়ী কালীবাড়িতে সমবেত হতে থাকেন।

পরে সেখান থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিটি ট্যাংকের পাড়, কুমারশীল মোড়, পুরাতন কোর্ট রোড, মঠের গোড়া, টিএ রোড, কালীবাড়ী মোড় এবং দক্ষিণ পৈরতলা হয়ে মধ্যপাড়া ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়।

অন্যদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কালভৈরব মন্দির থেকেও একটি পৃথক উল্টো রথযাত্রার র‍্যালি বের করা হয়। এই র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে। এর মাধ্যমেই সপ্তাহব্যাপী চলা ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button