কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া, ১২ জুন – কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার প্রাগপুর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতের নদীয়া জেলার করিমপুর থানাধীন চর মেঘনা এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে,
সকালে বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত দিয়ে প্রাগপুর সীমান্তে ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালান। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের পুনরায় ভারতের দিকে ফেরত পাঠান।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিএসএফ রাতের আঁধারে পুশইনের চেষ্টা করলেও বিজিবির কড়া নজরদারির কারণে তা প্রতিহত করা হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ১২ জুন ২০২৬









