জাতীয়

তুরস্কের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিল বাংলাদেশ

ঢাকা, ৫ জুন – বাংলাদেশে তুরস্ককে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রদানের প্রস্তাব দিয়েছে ঢাকা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধি করতে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ।

শুক্রবার ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, উভয় দেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। দুই দেশের বর্তমান বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের বিশেষ সুযোগ রয়েছে। তিনি তুরস্কের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। বিশেষ করে টেক্সটাইল, জাহাজ নির্মাণ, ওষুধ শিল্প, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।

এছাড়া বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে তুরস্কে প্রায় তিন হাজার বাংলাদেশি বসবাস করছেন যাদের বড় অংশই শিক্ষার্থী। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।

এছাড়া রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এই সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে জোরালো প্রচেষ্টার প্রয়োজন।

এই সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

এনএন/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language