দক্ষিণ এশিয়া

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২১, যার মধ্যে রয়েছেন বিদেশি পর্যটক

দিল্লি, ৩ জুন – ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এই ঘটনায় অন্তত ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পাঁচতলা ফ্লোরিশ স্টে নামক হোটেলের বেজমেন্টে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী মিকাসা ইন হোটেলেও ভয়াবহতা দেখা দেয়।

এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সরু গলিতে অবস্থিত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয়। আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিচে অবস্থানকারী লোকজন কয়েকজনকে বাঁচাতে ম্যাট্রেস পেতে দিলেও লাফ দিতে গিয়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন। তদন্তে উঠে এসেছে যে হোটেলটিতে ২৫টি কক্ষ থাকলেও তারা মাত্র ৬টি কক্ষ পরিচালনার অনুমতি পেয়েছিল। ভবনে যাতায়াতের জন্য মাত্র একটি পথ থাকায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে পড়ে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দ্রুত উদ্ধার ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language