বিইআরসির ঘোষণা: পাইকারি ও খুচরা পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ঢাকা, ৩ জুন – বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
বিইআরসির নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। খুচরা বা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বুধবার রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
কমিশন জানিয়েছে, এই নতুন দাম গত ১ জুন থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য যে, দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর আবেদন করেছিল।
কোম্পানিগুলোর মধ্যে পিডিবি প্রতি ইউনিটে ৮৫ পয়সা এবং নেসকো সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব দেয়। তবে বিইআরসির কারিগরি কমিটি গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ প্রদান করেছিল।
ইতিপূর্বে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেও নির্বাহী আদেশের মাধ্যমে পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছিল।
এনএন/ ৩ জুন ২০২৬









