দক্ষিণ এশিয়া

জাপানে অবৈধভাবে মসজিদ নির্মাণ: নিজেদের সরিয়ে নিল পাকিস্তান দূতাবাস

ইসলামাবাদ, ৩ জুন – জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগোয়ে এলাকায় প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একটি মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে। গত এপ্রিলে জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল হামিদ এই মসজিদটি উদ্বোধন করেছিলেন।

তবে স্থানীয় প্রশাসনের আপত্তির মুখে টোকিওতে অবস্থিত পাকিস্তান দূতাবাস এই প্রকল্প থেকে নিজেদের সম্পূর্ণ সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। জাপানি গণমাধ্যম দ্য আসাহি শিম্বুনের প্রতিবেদন অনুযায়ী, কাওয়াগোয়ে শহরের প্রায় ৪ হাজার ৫০০ বর্গমিটার পাহাড়ি বনভূমিতে মসজিদটি তৈরি করা হয়েছে।

এলাকাটি নগর উন্নয়ন নিয়ন্ত্রণ অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে যেকোনো স্থাপনা নির্মাণে বিশেষ সরকারি অনুমতির প্রয়োজন হয়। কাওয়াগোয়ে সিটি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, নগর পরিকল্পনা আইন লঙ্ঘন করে কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই এই মসজিদটি গড়ে তোলা হয়েছে।

গত ৩ এপ্রিল এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাকিস্তানের রাষ্ট্রদূতের উপস্থিতি আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। বিতর্কের পরিপ্রেক্ষিতে গত ৩১ মে পাকিস্তান দূতাবাস এক বিবৃতিতে জানায়, আয়োজকদের দেওয়া ভুল তথ্যের ওপর ভিত্তি করে রাষ্ট্রদূত ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

আয়োজকরা দাবি করেছিলেন যে ভবনটি নির্মাণের জন্য সব ধরণের আইনি অনুমতি নেওয়া হয়েছে। দূতাবাস স্পষ্ট করেছে যে, এই প্রকল্পের সঙ্গে পাকিস্তান সরকারের কোনো আর্থিক বা সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই।

জাপানের ইয়াশিও মসজিদ কমিটির প্রতিনিধি শাকিল শেখ মোহাম্মদ এই ঘটনার সমালোচনা করে বলেন, স্থানীয় আইন অমান্য করে ধর্মীয় উপাসনালয় নির্মাণ করা অনুচিত। তিনি জাপানি নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টোকিওর পাকিস্তান দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে জাপানে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে জাপানি আইন ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language