দক্ষিণ এশিয়া

ভারতে বিদেশি নাগরিকদের ভিসার নিয়মে বড় পরিবর্তন, রেজিস্ট্রেশনে কড়াকড়ি

নয়াদিল্লি, ২ জুন – বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে যাওয়া বা সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে এক বিশাল ও কঠোর পরিবর্তন এনেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক ১৮০ দিন মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর যদি তাঁর অবস্থানকাল বা ভিসার মেয়াদ বাড়াতে চান, তবে তাঁকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন (Registration) করতে হবে। আগে ১৮০ দিন পূর্ণ হওয়ার পর নিবন্ধনের জন্য বাড়তি যে ১৪ দিন সময় (Grace Period) পাওয়া যেত, নতুন নির্দেশনায় সেই সুযোগ পুরোপুরি বাতিল করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি বছরই ভারত সরকার তাদের ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ চালু করেছিল। সম্প্রতি এই আইনের ১২ নম্বর ধারা সংশোধন করে একটি নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগের নিয়ম: ভারতে পৌঁছানোর পর ১৮০ দিন পূর্ণ হওয়ার ‘পরবর্তী ১৪ দিনের মধ্যে’ ফ্রিতে বা কোনো জরিমানা ছাড়াই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (FRRO) নিবন্ধন করা যেত।

নতুন নিয়ম: এই ১৪ দিনের অতিরিক্ত সময়সীমা বা গ্রেস পিরিয়ড চিরতরে বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে নির্ধারিত ১৮০ দিন সময়সীমা ‘শেষ হওয়ার আগে যেকোনো সময়’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৮০ দিন পার হয়ে গেলে অত্যন্ত জরুরি বা মেডিকেল ইমার্জেন্সি ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।

দীর্ঘমেয়াদে ভারতে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ওপর নজরদারি জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ বা অতিরিক্ত সময় অবস্থান (Overstay) বন্ধ করতেই এই ডেডলাইন এগিয়ে আনা হয়েছে।

মাল্টিপল এন্ট্রি ভিসাধারীদের ক্ষেত্রে নিয়ম কী?

যাদের ভিসার মেয়াদ ১ বছর বা তার বেশি, কিন্তু শর্ত থাকে যে প্রতিবার সফরের সময় একটানা ১৮০ দিনের বেশি থাকা যাবে না (যেমনটা সাধারণত বাংলাদেশি পর্যটক বা রোগীদের ক্ষেত্রে হয়)—তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এক বছরের মধ্যে তাঁরা যদি কোনো কারণে ভারতে একটানা থাকার মেয়াদ ১৮০ দিন পার করতে চান, তবে সেই দিনটি শেষ হওয়ার আগেই তাঁদের নিবন্ধন করতে হবে।

বিদেশি দম্পতির সন্তানদের জন্য বড় সুখবর!

ভিসার এই কঠোর নিয়মের মাঝে একটি জায়গায় বড় ছাড় দিয়েছে ভারত সরকার। ভারতে জন্ম নেওয়া বিদেশি দম্পতির সন্তানদের ক্ষেত্রে রিপোর্টিংয়ের নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।

আগে যা ছিল: ভারতে কোনো বিদেশি দম্পতির সন্তান জন্ম নিলে দেশত্যাগের অনুমতি (Exit Permit) পাওয়ার জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে কর্তৃপক্ষকে জানাতে হতো।

নতুন ছাড়: নবজাতকের বাবা-মায়ের যেকোনো একজন যদি ভারতীয় নাগরিক হন এবং শিশুটির জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তবে তাঁদের এই ৩০ দিনের কড়া নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে শিশুটি যদি পরবর্তীতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তবে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানাতে হবে।

হাসপাতালগুলোর জন্যও কড়া নির্দেশনা, পুরো ব্যবস্থা হচ্ছে ডিজিটাল

নতুন প্রজ্ঞাপনে ভারতের হাসপাতাল, নার্সিং হোম এবং চিকিৎসাকেন্দ্র—যেখানে বিদেশি রোগীরা চিকিৎসার জন্য এসে রাত্রিযাপন করেন, তাদের জন্য তথ্য প্রদানের নিয়মগুলো আরও কঠোর ও আপডেট করা হয়েছে। এখন থেকে কোনো বিদেশি রোগী ভর্তি হলে বা থাকলে তা নির্দিষ্ট ডিজিটাল ফরমে দ্রুত ইমিগ্রেশন বিভাগকে জানাতে হবে।

ভারত সরকার তাদের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (FRRO) প্ল্যাটফর্ম এবং অনলাইন ভিসা সেবাকে পুরোপুরি ডিজিটাল ও পেপারলেস করছে। এই নিয়ম কার্যকর হওয়ার পর বাংলাদেশ থেকে প্রতিদিন যে হাজার হাজার মানুষ ভারতে যাচ্ছেন, তাঁদের এখন থেকে ভারতে পা রাখার পর দিন গণনার ক্ষেত্রে (Day Counting) আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। সামান্য হিসাবের গরমিলে পড়তে হতে পারে বড় আইনি ঝামেলায়!

এনএন/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language