যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে লাতিনো ভোট

ওয়াশিংটন, ০৪ নভেম্বর=যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে লাতিনো বা হিস্পানিক ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আবারও হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে এই জনগোষ্ঠীর ভোট বড় ভূমিকা রেখেছিল। এবার কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নির্ধারণেও তাদের ভোটের প্রভাব থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াইয়ে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যের লাতিনো-অধ্যুষিত নির্বাচনি এলাকাগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। একইভাবে টেক্সাসের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনেও লাতিনো ভোটারদের সমর্থন ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
তবে সাম্প্রতিক জনমত জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি এই জনগোষ্ঠীর অসন্তোষের চিত্র উঠে এসেছে।
অক্টোবরে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের করা এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জন হিস্পানিক প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় ছয়জনই ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে অসন্তুষ্ট। অন্যদিকে, অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট প্রায় ১০ জনের সাতজন।
এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তারা কতটা কার্যকরভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনি প্রতিশ্রুতিগুলো ভোটারদের সামনে তুলে ধরতে পারেন।
বিশেষ করে ট্রাম্পের ওপর হতাশ হয়ে পড়া ভোটাররা ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেবেন, নাকি ভোট দেওয়া থেকেই বিরত থাকবেন, সেটি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।
লাতিনো ভোটারদের সমর্থন এবং তাদের ভোট দেওয়ার হার যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের নির্বাচনি ফলাফলে প্রভাব ফেলতে পারে। এ কারণে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের লড়াইয়ে এই জনগোষ্ঠীর ভোট বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এস এম/ ০৪ নভেম্বর ২০২৬







