ঢাকা সফরে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

ঢাকা, ৩ জুন – বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্প্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনের সফরে ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আগামী ৪ জুন তিনি ঢাকায় পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
আগামী ৬ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর হিসেবে চিহ্নিত হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে এই সফরের পেছনে বিশেষ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। নতুন সরকার গঠনের পর থেকেই তুরস্ক বাংলাদেশের সঙ্গে দ্রুত যোগাযোগ জোরদার করতে সক্রিয় ভূমিকা পালন করছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের ঘনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
বিশ্লেষকদের মতে এই সফর বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বাণিজ্য এবং বিনিয়োগ ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের সমন্বয় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সফরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হতে পারে।
এনএন/ ৩ জুন ২০২৬









