ভারতে ইসরায়েলি সেনাকে আটকের দাবি জানাল হিন্দ রজব ফাউন্ডেশন

নয়া দিল্লী, ২ জুন – ভারতে পর্যটক হিসেবে অবস্থানরত দখলদার ইসরায়েলের এক রিজার্ভ সেনাকে যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য অনুরোধ করেছে হিন্দ রজব ফাউন্ডেশন। সংস্থাটি এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের কাছে লিখিত আবেদন জানিয়েছে।
ইতান গিলবোয়া নামের এই ইসরায়েলি সেনা বর্তমানে হিমাচল প্রদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। বেলজিয়ামভিত্তিক গবেষণা সংস্থা হিন্দ রজব ফাউন্ডেশন মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের পরিচালিত যুদ্ধাপরাধ নিয়ে কাজ করে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে,
ইতান গিলবোয়া গাজায় অসংখ্য বেসামরিক ঘরবাড়ি ধ্বংস করেছেন এবং সেই ধ্বংসযজ্ঞের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ১৯৬০ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় বেসামরিক নাগরিকের সম্পদ ধ্বংস করা একটি গুরুতর যুদ্ধাপরাধ।
ভারত যেহেতু জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ, তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী ইতান গিলবোয়াকে আটক করতে দেশটি বাধ্য বলে দাবি করেছে সংস্থাটি।
হিন্দ রজব ফাউন্ডেশনের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে,
জেনেভা কনভেনশনের ১৪৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো দেশের নাগরিকই হোক না কেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা ভারতের আইনি দায়িত্ব।
সংস্থাটি আরও জানিয়েছে যে ইতান গিলবোয়া কোনো সাধারণ পর্যটক নন, বরং তিনি একজন যুদ্ধাপরাধী যিনি বর্তমানে কোনো বিচার ছাড়াই ভারতের আতিথেয়তা গ্রহণ করছেন।
এস এম/ ২ জুন ২০২৬









