যমুনা সেতুতে চব্বিশ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

টাঙ্গাইল, ২৪ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুতে মোট ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত শনিবার চব্বিশ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।
অন্যদিকে, সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
এর আগে গত শুক্রবার চব্বিশ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল। ওই দিন টোল আদায়ের পরিমাণ ছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
পরিসংখ্যান অনুযায়ী, একদিনের ব্যবধানে সেতুতে যানবাহন পারাপার ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা কমেছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সেতুর উভয় প্রান্তে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২টি জেলার মানুষের সড়কপথে যাতায়াতের জন্য যমুনা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এসব জেলার বেশিরভাগ যানবাহন নিয়মিত এই সেতু ব্যবহার করে থাকে।
এনএন/ ২৪ মে ২০২৬









