ব্রাজিলের জয় উদযাপনে থ্রি-পিস পরে নাচ: মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইল, ৫ জুলাই – ব্রাজিল ফুটবল দলের জয় উদযাপন করতে গিয়ে থ্রি-পিস পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় পদ হারিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের এক বিএনপি নেতা। বহিষ্কৃত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের আদেশ জারি করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাজিলের একটি ফুটবল ম্যাচের জয় উদযাপন উপলক্ষে আমিনুল ইসলাম মিন্টু মেয়েদের পোশাক থ্রি-পিস পরে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে নেচে আনন্দ প্রকাশ করেন। এই নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নজরে এলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এনএন/ ৫ জুলাই ২০২৬









