টাঙ্গাইল

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট: চরম ভোগান্তিতে যাত্রীরা

টাঙ্গাইল, ৬ জুন – ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ার ঘটনায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই স্থবিরতা তৈরি হয়। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন থেকে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা এবং ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন থেকে ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতুর সংযোগ সড়কে রাতে কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

যমুনা সেতুর উভয় পাশে মোট ১৮টি বুথ দিয়ে বর্তমানে যানবাহন পারাপার করা হচ্ছে যার মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া জানান, মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ রয়েছে তবে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

এনএন/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language