চট্টগ্রামে গ্রাফিতি নিয়ে উত্তেজনা: সমাবেশ ও মিছিলে সিএমপির নিষেধাজ্ঞা

চট্টগ্রাম, ১৮ মে – চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকায় জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত হয় টাইগারপাস এলাকায় ফ্লাইওভারের পিলারে থাকা গ্রাফিতি সাদা ও হলুদ রং দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ ঘিরে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি, পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের স্মৃতি সংবলিত গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে এবং এর জন্য তারা সিটি করপোরেশনকে দায়ী করে। এই ঘটনার প্রতিবাদে গত রবিবার রাতে চসিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এনসিপি কর্মীরা। একই সময়ে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা মিছিল ও সমাবেশ করে ছাত্রদল।
এই পাল্টাপাল্টি কর্মসূচিতে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে গেলে পুলিশ হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এদিকে সোমবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে উভয় পক্ষ কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থান নেয়।
নিষেধাজ্ঞার মধ্যেও সোমবার কয়েক দফায় কিছু শিক্ষার্থী গ্রাফিতি পুনরায় আঁকতে টাইগারপাস এলাকায় জড়ো হলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রুটিন মাফিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পিলারের পোস্টার তুলে সেখানে রং করা হয়েছে।
সেখানে গ্রাফিতি ছিল কি না তা নিয়ে প্রশ্ন থাকলেও শিক্ষার্থীদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে সিটি করপোরেশনের পক্ষ থেকেই পুনরায় গ্রাফিতি করে দেওয়ার আশ্বাস দেন মেয়র।
এস এম/ ১৮ মে ২০২৬









