
টরন্টো, ১১ মে – স্কারবরো সাউথওয়েস্টের লিবারেল মনোনয়ন যুদ্ধ শেষ হলেও এর রেশ এখনো কাটেনি। ভোটগ্রহণ শেষ হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, বিজয়ী প্রার্থীও সামনে এসেছেন। কিন্তু পরাজিত প্রার্থীর অভিযোগ ঘিরে অন্টারিও লিবারেল পার্টির ভেতরে তৈরি হয়েছে নতুন আলোচনা, নতুন অস্বস্তি এবং নতুন রাজনৈতিক উত্তাপ।
গত ৯ মে অনুষ্ঠিত মনোনয়ন ভোটে ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আহসানুল হাফিজ মাত্র ১৯ ভোটের ব্যবধানে বিচেস ইস্ট ইয়র্কের ফেডারেল এমপি নেট এরস্কাইন স্মিথকে পরাজিত করেন। এই পরাজয়ের পরপরই এরস্কাইন স্মিথ অভিযোগ করেন, ভোটারদের পরিচয় যাচাই এবং ভোটাধিকারের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, দলের ভেতরের প্রভাবশালী একটি অংশ তার বিরুদ্ধে কাজ করেছে।
তবে অন্টারিও লিবারেল পার্টি এসব অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে। সোমবার অন্টারিও আইনসভায় আহসানুল হাফিজকে নতুন লিবারেল প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানে অন্তর্বর্তীকালীন লিবারেল নেতা জন ফ্রেজার স্পষ্ট ভাষায় বলেন, কেউ যদি মনে করেন মনোনয়ন প্রক্রিয়া ন্যায্য হয়নি, তাহলে তাকে অভিযোগের পক্ষে প্রমাণ দিতে হবে।
ফ্রেজারের ভাষায়, উত্তেজনার মুহূর্তে মানুষ অনেক কথাই বলে। কেউ হারতে পছন্দ করে না। তাই অভিযোগ থাকলে সেটি প্রমাণসহ সামনে আনতে হবে।
লিবারেল নেতা জানান, মনোনয়ন সভায় দলের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন। কোনো ভোটারের পরিচয়পত্র বা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তা যাচাইকরণ ডেস্কে এবং সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে সমাধান করা হয়েছে। ফলে দলীয়ভাবে প্রক্রিয়াটি নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্টারিও লিবারেল পার্টির নিয়ম অনুযায়ী, মনোনয়ন সভার ৭২ ঘণ্টার মধ্যে সালিশি বোর্ডে আপিল করার সুযোগ থাকে। সেই হিসেবে নেট এরস্কাইন স্মিথ মঙ্গলবার রাত পর্যন্ত আনুষ্ঠানিক আপিল করার সময় পাচ্ছেন। টরন্টো স্টারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সোমবার তার প্রচারণা দল কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, বিজয়ী প্রার্থী আহসানুল হাফিজকে ঘিরে লিবারেল শিবির এখন দ্রুত মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। জন ফ্রেজার বলেন, আসন্ন উপনির্বাচনের জন্য দলকে আর সময় নষ্ট করার সুযোগ নেই। প্রচারপত্র ছাপা হচ্ছে, নির্বাচনী অফিস প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্পেইন শুরু করার কাজ এগিয়ে চলছে।
আহসানুল হাফিজ ফেডারেল লিবারেল পার্টির অন্টারিও শাখার ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তার মালিকানায় রয়েছে ৩০টি ডমিনো’স পিজ্জা আউটলেট। তবে এই জয় যেমন তাকে আলোচনার কেন্দ্রে এনেছে, তেমনি লিবারেল দলের ভেতরের বিভাজনও প্রকাশ্যে নিয়ে এসেছে।
ভোটের ফলাফলের পর অনলাইনে এবং বিভিন্ন রাজনৈতিক শিবিরে আলোচনা, সমালোচনা ও পাল্টা বক্তব্য ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আহসানুল হাফিজ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, মনোনয়ন প্রতিযোগিতা শেষ হয়েছে, এখন লক্ষ্য হওয়া উচিত স্কারবরো সাউথওয়েস্টের আসন্ন উপনির্বাচনে লিবারেলদের জয় নিশ্চিত করা।
লিবারেল এমপিপি লি ফেয়ারক্লফও একই সুরে দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন, অভ্যন্তরীণ প্রতিযোগিতা শেষে এখন সবাইকে একসাথে কাজ করতে হবে।
স্কারবরো সাউথওয়েস্ট আসনটি অন্টারিও রাজনীতিতে গুরুত্বপূর্ণ। গত আট বছর এই আসন ছিল এনডিপি নেত্রী ডলি বেগমের দখলে। তিনি গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করে ফেডারেল রাজনীতিতে প্রবেশ করেন এবং উপনির্বাচনে জয়ী হন। ফলে আসনটি এখন শূন্য। প্রিমিয়ার ডাগ ফোর্ড আগামী গ্রীষ্মে এ আসনে উপনির্বাচনের ডাক দিতে পারেন।
এদিকে এনডিপি ইতোমধ্যে তাদের প্রার্থী হিসেবে ফাতিমা শাবানকে মনোনীত করেছে। প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি এবং গ্রিন পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি।
তথ্যসূত্র:
টরন্টো স্টার, ১১ মে, ২০২৬









