শিক্ষা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ১১ মে – বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান যে, দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং বৃত্তি কার্যক্রম চালু হলে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। সোমবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত পাকিস্তান এডুকেশন এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষক বিনিময় কর্মসূচি ও যৌথ গবেষণা চালুর সুযোগ রয়েছে। বাংলাদেশে বর্তমানে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১১৬টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোর শিক্ষার মান অত্যন্ত উন্নত। তিনি মনে করেন, বিনিময় কর্মসূচি দুই দেশের শিক্ষা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকার মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে থাকে।

তবে পাকিস্তানের এই বৃত্তি কার্যক্রমের বিশেষত্ব হলো এখানে পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন যে বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ পাবে। বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যে পাকিস্তানে বিনা খরচে পড়াশোনার সুযোগ পাওয়া একটি বড় সম্ভাবনা এবং এর মাধ্যমে তারা নতুন সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারবে।

অনুষ্ঠানে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর উদ্যোগটি শিক্ষা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখছে। তিনি জানান যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঘোষিত ৫০০টি বৃত্তির দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ৭৪ জন শিক্ষার্থী প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন উদীয়মান প্রযুক্তিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন সুবিধা ও মাসিক ভাতাসহ যাতায়াত ব্যয় বহন করা হচ্ছে। আগামী দশ দিনে বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন শহরে এই শিক্ষা মেলার আয়োজন করা হবে। এ ছাড়া দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা স্মারক, যৌথ ডিগ্রি প্রোগ্রাম ও শিক্ষক বিনিময় কার্যক্রম বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language