দক্ষিণ এশিয়া

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ, প্রথম দিনেই বড় ঘোষণা

চেন্নাই, ১০ মে – সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। শনিবার ১০ মে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর তিনি তার সরকারের প্রথম জনকল্যাণমূলক ঘোষণা দেন। নতুন এই সিদ্ধান্তের আওতায় যেসব গ্রাহক মাসে ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

এ ছাড়াও নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্ব পালনের প্রথম ভাষণেই বিজয় মাদক নির্মূলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষকদের উন্নয়ন ও জেলেদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। নিজের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে তিনি জানান, তামিলনাড়ুতে একটি ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ শুরু করতে চান তিনি।

নিজের ব্যক্তিগত জীবনের সংগ্রামের কথা স্মরণ করে বিজয় বলেন, তিনি কোনো রাজ পরিবার থেকে আসেননি বরং দারিদ্র্য ও ক্ষুধা জয় করে আজ এ পর্যায়ে পৌঁছেছেন। একজন সাধারণ মানুষের কষ্ট তিনি বোঝেন বলেই মানুষের অন্তরে স্থান পেয়েছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

সরকার গঠনে কংগ্রেসের সমর্থনের জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান বিজয়। এদিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language