চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিয়ের গাড়ি থামিয়ে গণছিনতাই: সর্বস্ব খোয়ালেন বরযাত্রীরা

চট্রগ্রাম, ৯ মে – চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূনাছড়া এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়।

ভুক্তভোগীদের একজন জনি বণিক জানান, বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। নূনাছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বিকট শব্দ শুনে চালক গাড়িটি থামান। কোনো কিছু পড়ে গেছে কি না তা দেখার জন্য যাত্রীরা গাড়ি থেকে নামলে পাশের জমি থেকে ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত রামদা ও ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

ছিনতাইকারীরা যাত্রীদের জিম্মি করে ৫টি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ৩০ হাজার টাকা এবং গহনা ছিনিয়ে নেয়। এসময় প্রাণ বাঁচাতে কয়েকজন পাশের একটি মসজিদে আশ্রয় নিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রাব্বানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button