বিমানে হেনস্তার শিকার মহুয়া মৈত্র, অভিযুক্তদের নো-ফ্লাই তালিকায় রাখার দাবি

কলকাতা, ৮ মে – তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং লোকসভার সংসদ সদস্য মহুয়া মৈত্র বিমানযাত্রার সময় হেনস্তার শিকার হয়েছেন। গত বুধবার ইন্ডিগো এয়ারলাইন্সের কলকাতা থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। সংসদ সদস্যের অভিযোগ অনুযায়ী, তাকে লক্ষ্য করে তৃণমূল চোর এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের সংসদ সদস্য মহুয়া মৈত্র দাবি করেন যে, এই ঘটনার ফলে বিমানের ভেতরে তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান যে, এই স্লোগানগুলো কোনোভাবেই সাধারণ নাগরিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। মহুয়া মৈত্র তার এক্স বার্তায় বলেন, তিনি দাপ্তরিক কাজে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন।
ফ্লাইটটি অবতরণ করার পর এবং দরজা খোলার ঠিক আগে ৪ থেকে ৬ জন লোক তার দিকে অশোভনভাবে তাকিয়ে উসকানিমূলক আচরণ শুরু করেন এবং ভিডিও ধারণ করেন। তিনি একে হয়রানি এবং উড়োজাহাজে নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইতিমধ্যেই মহুয়া মৈত্র ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি ঘটনার তদন্ত করার পাশাপাশি অভিযুক্তদের শনাক্ত করে তাদের নো-ফ্লাই তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপুকে ট্যাগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং তদন্ত শুরু করেছে।
এস এম/ ৮ মে ২০২৬









