কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদাম ধসে আহত ১৩, উদ্ধার অভিযানে সেনাবাহিনী

কলকাতা, ২৪ জুন – ভারতের কলকাতার তারাতলা এলাকায় একটি নির্মাণাধীন গুদামঘরের লোহার কাঠামো ও কংক্রিটের শেড ধসে পড়ে অন্তত ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে নির্মাণাধীন গুদামঘরটিতে কাজ চলাকালীন হঠাৎ করেই বিশালাকার লোহার কাঠামো ও কংক্রিটের শেডটি ধসে পড়ে। সেই সময় কর্মস্থলে থাকা বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারে এগিয়ে আসেন। পরবর্তীতে পুলিশ, দমকল বাহিনী এবং জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেন। বিশেষ উদ্ধার সরঞ্জামের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন।
উদ্ধারকারী দল গ্যাস কাটারের সাহায্যে শক্ত লোহার কাঠামো কেটে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের বের করে আনেন। আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না তা নিশ্চিত করতে তল্লাশি অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে গুদামটি নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এই দুর্বল কাঠামোর কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকাজ তদারকি করছেন।
এস এম/ ২৪ জুন ২০২৬









