যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

কলকাতা, ২০ জুন – যথাযোগ্য মর্যাদায় আজ ২০ জুন উদযাপিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। বর্তমান রাজ্য সরকারের সিদ্ধান্তে প্রথমবারের মতো সরকারিভাবে এই দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, পুলিশ প্রশাসন এবং সামাজিক সংগঠন দিনটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বছরের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, ঐক্য ও উন্নয়ন। অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে হুগলি জেলার তারকেশ্বরকে।
সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ভারতের শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের অগ্রগতিতে পশ্চিমবঙ্গের অবদান অপরিসীম।
তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী ভূমিকার কথা উল্লেখ করে তাকে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেন, বহু বছর পর পশ্চিমবঙ্গ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপটকে পূর্ণ স্বীকৃতি দেওয়া হলো। দিনটিকে স্মরণীয় করতে কলকাতার গঙ্গা নদীতে বন্দে যোগম নামে বিশেষ আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এছাড়া সন্ধ্যায় তিন হাজার ড্রোনের মাধ্যমে কলকাতার আকাশে বাংলার সংস্কৃতি ও যোগচর্চার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৯৪৭ সালের এই দিনে তৎকালীন আইনসভার সদস্যরা ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ গঠনের পথ সুগম করেছিলেন।
এস এম/ ২০ জুন ২০২৬









