ফুটবল

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে স্পেন

মাদ্রিদ, ২৭ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপে উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে স্পেন। গুয়াদালাহারায় অনুষ্ঠিত এই ম্যাচে স্পেনের জয়ে উরুগুয়ের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি ঘটল।

খেলার প্রথমার্ধের ৪২ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন আলেক্স বায়েনা। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার একটি মারাত্মক ভুলের সুযোগ নিয়ে স্পেনকে লিড এনে দেন তিনি।

এই ভুলের মাসুল হিসেবে বিরতির সময় অভিজ্ঞ গোলরক্ষক মুসলেরাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি উরুগুয়ে এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা।

এর আগে ২০২২ বিশ্বকাপেও তারা প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হয়েছিল। গ্রুপের অপর ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। এই ড্রয়ের ফলে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই শেষ ৩২ নিশ্চিত করার গৌরব অর্জন করল আফ্রিকার দেশটি।

টানা তিনটি ম্যাচ ড্র করে গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হিসেবে পরবর্তী রাউন্ডে উঠেছে তারা। অন্যদিকে একটি হার ও দুটি ড্র নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো সৌদি আরবকে।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language