হরমুজ প্রণালিতে জাহাজ হামলার জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ২৭ জুন – হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইরানকে সরাসরি অভিযুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই ঘটনাকে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির একটি নির্বোধ এবং বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপর অন্তত চারটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হানলে কিছু ক্ষয়ক্ষতি হয়, তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি তিনটি ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। যদিও হামলার নির্দিষ্ট সময় বা আক্রান্ত জাহাজটি সম্পর্কে ট্রাম্প কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন যে, ওয়াশিংটন এই হামলার জন্য ইরানকে দায়ী বলে মনে করছে।
এই অপ্রীতিকর ঘটনার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে থাকা নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা হামলার ধরন বা ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি এবং ইরান এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে যার ফলে জাহাজের ব্রিজের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে ইরান তার নিরাপত্তার দায়িত্ব নেবে না। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে যে, অনুমোদিত রুটের বাইরে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজ মালিক এবং অপারেটরের ওপর বর্তাবে।
এস এম/ ২৭ জুন ২০২৬









