শিবপুরে রাস্তার পাশ থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি খাতা উদ্ধার

নরসিংদী, ৩০ এপ্রিল – নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষার তিন বান্ডেল উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত খাতাগুলো পরবর্তীতে শিবপুর মডেল থানায় জমা দেন স্থানীয় এক যুবক।
বুধবার পুলিশ খাতাগুলো পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন রাস্তায় খাতাগুলো পড়ে থাকতে দেখেন রাহিম নামের এক যুবক। তিনি খাতাগুলো কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে এক প্রতিবেশীর মাধ্যমে খাতাগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র বলে নিশ্চিত হওয়ার পর তিনি থানায় যোগাযোগ করেন এবং পুলিশকে হস্তান্তর করেন।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, খাতাগুলো পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। পরে নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়। সেখানে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের মোট ২৬৮টি খাতা ছিল।
এ প্রসঙ্গে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে নেওয়ার পথে ডাক পিয়নের গাড়ি থেকে খাতাগুলো রাস্তায় পড়ে গিয়েছিল। তবে উদ্ধারকৃত খাতাগুলোর সিলগালা অক্ষত অবস্থায় ছিল। নিয়ম অনুযায়ী সেগুলো পুনরায় পোস্ট অফিসে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬








