নরসিংদী

নরসিংদীতে ৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নরসিংদী, ১৫ জুলাই – নরসিংদী সদর উপজেলার পাইকাদি এলাকায় তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ভিডিওর ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার প্রধান অভিযুক্ত শিশুটির চাচি লতা বেগম বর্তমানে পলাতক রয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রিভেনশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া এবং বাবা আলমাস মিয়াকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য যে, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির তিন মাস বয়সী ছেলে রিজিক জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল।

এই সময় বাড়ির কাজ নিয়ে সাময়া আক্তারের সঙ্গে তার জা লতা বেগমের বিরোধ শুরু হয়। গত ১১ জুন সেই পারিবারিক বিরোধের জেরে লতা বেগম শিশুটির পা মুচড়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার দৃশ্য শিশুটির মায়ের মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ শিশুটির বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। জিজ্ঞাসাবাদের সময় শিশুটির বাবা জহিরুল মিয়া ও মা সাময়া আক্তার দাবি করেন যে, ভিডিওটি সম্পাদনা করা হয়েছে এবং শিশুটির পা ভাঙেনি।

তারা জানান, বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসা হয়ে গেছে। তবে ঘটনার গুরুত্ব বিবেচনা করে সমাজসেবা বিভাগ মামলাটি দায়ের করে। মাধবদী থানা পুলিশ জানিয়েছে, পলাতক প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language