নরসিংদী

নরসিংদীতে জমে উঠেছে খাজনাবিহীন কোরবানির পশুর হাট

নরসিংদী, ২৭ মে – পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নরসিংদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী খাজনাবিহীন পশুর হাট। সদর উপজেলার করিমপুর ফুটবল মাঠে আয়োজিত এই অস্থায়ী হাটে কোনো হাসিল বা খাজনা দিতে না হওয়ায় ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, এই ব্যতিক্রমী হাটে পশু বিক্রির বিপরীতে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না, যা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে।

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম এবং স্থানীয় ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত এই হাটটির বিশেষত্ব হলো এর খাজনামুক্ত পরিবেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, সরকারিভাবে নির্ধারিত প্রায় ৮০ হাজার টাকা ইজারা নিজেরা পরিশোধ করে তারা হাটটিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন। এর ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পশু কেনার সুযোগ পাচ্ছেন এবং বিক্রেতারাও লাভবান হচ্ছেন।

হাটে গরু, মহিষ ও ছাগলের পাশাপাশি বিভিন্ন জাতের উন্নত মানের পশু উঠেছে।

নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই হাটে। ক্রেতা বিক্রেতাদের লেনদেনের সুবিধার্থে ব্যাংকিং সেবা ও টাকা সংরক্ষণের জন্য লকারের ব্যবস্থা করা হয়েছে। জাল নোট শনাক্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে আধুনিক মেশিন।

দূর দূরান্ত থেকে আসা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা।

হাটে গরু কিনতে আসা সাকিব মিয়া জানান, হাসিল দিতে হয় না বলে এই হাটে তিনি প্রতি বছর আসেন। বিক্রেতা সোনা মিয়া বলেন, এবার তিনি চারটি গরু এনেছিলেন যার মধ্যে দুটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

আয়োজক কমিটির সদস্য শাকিল মাহমুদ ও স্থানীয় নেতা মনিরুল ইসলাম মনির জানান, গত আট বছর ধরে এই ধারা বজায় রাখা হয়েছে।

এবার হাটে পশুর সরবরাহ আগের চেয়ে অনেক বেশি এবং কেনাবেচার পরিমাণও আশাব্যঞ্জক। এখন পর্যন্ত প্রায় দুই হাজার পশু বিক্রি হয়েছে এবং এই সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন।

এনএন/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language