নরসিংদী

ঈদুল আজহা ঘিরে নরসিংদীর কামারপল্লিতে ব্যস্ততা তুঙ্গে

নরসিংদী, ২২ মে – পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সাথে সাথে নরসিংদীর বিভিন্ন কামারপল্লিতে ব্যস্ততা কয়েক গুণ বেড়েছে। বছরের অধিকাংশ সময় কাজের চাপ কম থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে এখন দিন-রাত কঠোর পরিশ্রম করছেন কামার শিল্পীরা।

আগুনের চুলার তাপ আর হাতুড়ি পেটানোর শব্দে মুখর হয়ে উঠেছে জেলার কামারশালাগুলো। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতির কাজে ব্যবহৃত দা, ছুরি, চাপাতি, বঁটি ও কুড়াল তৈরিতে কারিগরদের এখন দম ফেলার সময় নেই। নরসিংদী সদর, মাধবদী, শিবপুর, মনোহরদী, বেলাবো ও রায়পুরা উপজেলার কামারশালাগুলোতে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন কাজ চলছে।

অনেক দোকানে অতিরিক্ত অর্ডার সামলাতে বাড়তি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। কারিগররা জানান, বছরের এই সময়টিতেই তাদের সবচেয়ে বড় ব্যবসা হয়। নরসিংদী শহরের কামারশালায় কর্মরত গৌরাঙ্গ কর্মকার বলেন, সারা বছর তেমন কাজ থাকে না কিন্তু ঈদের আগে এক মাস প্রচুর চাপ থাকে।

অনেক সময় রাত জেগে কাজ শেষ করতে হয়। আরেক কারিগর রবিন কর্মকার জানান, লোহা ও কয়লার দাম বাড়ার পাশাপাশি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় সরঞ্জামের দাম কিছুটা বাড়াতে হয়েছে। বর্তমানে বাজারে ছোট ছুরি ১৫০ থেকে ৩০০ টাকা এবং বড় চাপাতি ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, মানসম্মত ও দীর্ঘস্থায়ী সরঞ্জামের আশায় তারা বাজার থেকে না কিনে কামারশালা থেকে প্রয়োজন অনুযায়ী তৈরি করিয়ে নিচ্ছেন। এদিকে কামার শিল্পের ঐতিহ্য ধরে রাখতে নরসিংদী বিসিকের পক্ষ থেকে কারিগরদের আধুনিক যন্ত্রপাতির প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হচ্ছে।

বিসিকের সহকারী মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম খান জানান, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও দক্ষতা বাড়ানোর লক্ষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পর্যায়ক্রমে সব উপজেলায় এর আওতা বাড়ানো হবে।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language