নরসিংদী

নরসিংদীতে কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরু, সন্তুষ্ট ক্রেতা ও খামারিরা

নরসিংদী, ১৮ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীতে গবাদিপশুর বাজারে নতুন মাত্রা যোগ করেছে ওজন অনুযায়ী বা কেজি দরে গরু বিক্রির পদ্ধতি। খামারিরা সরাসরি লাইভ ওয়েটে প্রতি কেজি ৬৫০ টাকা দরে গরু বিক্রি করছেন। জেলায় চাহিদার তুলনায় পশুর জোগান পর্যাপ্ত থাকায় খামারিরা এবার ভালো মুনাফার আশা করছেন।

নরসিংদীর বিভিন্ন খামারে বর্তমানে শাহীওয়াল, সিন্ধি, দেশাল, ফ্রিজিয়ান ও ব্রাহমাসহ বিভিন্ন উন্নত জাতের গরু প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক খাবার দিয়ে লালন-পালন করা এসব পশু কিনতে খামারগুলোতে ভিড় করছেন ক্রেতারা। খামারিদের মতে, এই পদ্ধতিতে গরু কেনায় প্রতারণার ভয় থাকে না এবং ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের পশু বেছে নিতে পারেন।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে,

এ বছর নরসিংদীতে কোরবানির জন্য ৮৫ হাজার ৯০৫টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। যেখানে স্থানীয় চাহিদা রয়েছে ৭৮ হাজার ৬৪৫টি। অর্থাৎ জেলাটিতে প্রয়োজনের চেয়ে প্রায় ৭ হাজার ২৬০টি অতিরিক্ত পশু রয়েছে, যা পার্শ্ববর্তী জেলাগুলোর চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।

খামারের পরিচর্যাকারীরা জানান,

খৈল, কুড়া, ভুষি ও কাঁচা ঘাসের মতো প্রাকৃতিক দানাদার খাদ্যের মাধ্যমে পশুগুলোকে মোটাতাজা করা হয়েছে। এছাড়া অনেক খামার ক্রেতাদের জন্য ফ্রি হোম ডেলিভারির সুবিধাও দিচ্ছে। হাম্বা ফার্মের ব্যবস্থাপক ফারুক ইসলাম জানান, তাদের খামারের অধিকাংশ গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

অন্যদিকে গ্রীন এগ্রো ফার্মের চেয়ারম্যান আহসান শিকদার জানান,

তাদের কাছে বিভিন্ন ওজনের ও দামের গরু রয়েছে যা ক্রেতারা যাচাই করে নিতে পারছেন। পশু খাদ্যের দাম বাড়ায় খরচ কিছুটা বৃদ্ধি পেলেও ভারতীয় গরু না আসলে লাভের বিষয়ে আশাবাদী খামারিরা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম জানান,

নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং স্টেরয়েড বা ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language