হামের প্রকোপে স্কুল বন্ধের রিট: হাইকোর্টের আদেশ রোববার

ঢাকা, ২৩ এপ্রিল – দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন নির্ধারণ করেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
গত মঙ্গলবার রিট আবেদনটির প্রাথমিক শুনানি শেষ হওয়ার পর আদেশের জন্য এই দিন ঠিক করা হয়।
রিটে সম্প্রতি হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং দ্রুত টিকাদান কর্মসূচি জোরদারের আবেদন জানানো হয়েছে। এর আগে গত ১ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের সন্তোষজনক জবাব না মেলায় মানবাধিকার কর্মী ও আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া জনস্বার্থে এই রিট আবেদনটি দাখিল করেন।
রিটকারী আইনজীবী জানিয়েছেন দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে এবং বিপুল সংখ্যক শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
এনএন/ ২৩ এপ্রিল ২০২৬









