দক্ষিণ এশিয়া

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত

নয়াদিল্লি, ১৭ এপ্রিল – বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা থেকে পাঠানো অনুরোধটি পর্যালোচনা করছে ভারত।

শুক্রবার দিল্লির নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে বাংলাদেশের চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধটি খতিয়ে দেখছে ভারতের সংশ্লিষ্ট বিভাগ।গত ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের সময় আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানানো হয়েছিল।

জয়সওয়াল আরও জানান যে তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। এছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে সংসদের উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে ভারতের পক্ষ থেকে প্রতিবেশি দেশের প্রতিটি ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার সাম্প্রতিক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উভয় দেশ বর্তমান ব্যবস্থার মাধ্যমে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language