উত্তর আমেরিকা

ইউক্রেনকে বিনামূল্যে আর অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

ওয়াশিংটন, ১৬ এপ্রিল – ইউক্রেনকে আর বিনামূল্যে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। জনগণের করের অর্থে কিয়েভকে অস্ত্র কিনে সরবরাহ করার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জর্জিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তবে ভ্যান্স স্পষ্ট করেছেন যে, ইউরোপীয় দেশগুলো চাইলে তাদের নিজস্ব অর্থায়নে অস্ত্র কিনে ইউক্রেনকে সহায়তা করতে পারবে।

অন্যদিকে চীন সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন যে, পশ্চিমারা কিয়েভকে কেন্দ্র করে নতুন একটি সামরিক জোট গঠনের পরিকল্পনা করছে। রণক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে অন্তত দুই শতাধিকবার সরাসরি যুদ্ধের তথ্য সামনে এসেছে। এছাড়া দিনিপ্রোপেত্রভস্ক এবং জাপোরিঝিয়াসহ বেশ কিছু অঞ্চলে রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বুধবার ভোররাত থেকে ওডেসা বন্দরসহ ইউক্রেনের নয়টি পৃথক স্থানে তিন শতাধিক ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালানো হয়। এই হামলায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো ও আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপরীতে ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকেও তীব্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।

কিয়েভ দাবি করেছে যে, গত এক দিনে রাশিয়ার বহু সেনা সদস্য নিহত হয়েছে। পাশাপাশি তারা শত্রুপক্ষের আর্টিলারি, রকেট সিস্টেম এবং প্রায় এক হাজার ৪০০টি ড্রোন ধ্বংস করার দাবি জানিয়েছে। তবে ইউক্রেনের এমন প্রতিরোধের মাঝেও দমে না গিয়ে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে অভিযানের গতি আরও বাড়িয়েছে ক্রেমলিন।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language