ইউরোপ

ইসরায়েলকে জাতিসংঘ থেকে বরখাস্তের আহ্বান তুরস্কের স্পিকারের

আঙ্কারা, ১৬ এপ্রিল – তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুর্তুলমুস ইসরায়েলকে জাতিসংঘ থেকে সাময়িক বরখাস্ত করার জোরালো আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড বিল পাসের প্রস্তাবের কঠোর সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। ইস্তাম্বুলে আয়োজিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম সাধারণ সভায় দেওয়া ভাষণে কুর্তুলমুস বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় দক্ষিণ আফ্রিকার ওপর আরোপিত নিষেধাজ্ঞার উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, ১৯৭৪ সালে বর্ণবাদের দায়ে যেভাবে দক্ষিণ আফ্রিকার সদস্যপদ স্থগিত করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। তিনি প্রশ্ন তোলেন যে, একই ভূখণ্ডে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য পৃথক আইন কার্যকর করা বর্ণবাদ ছাড়া আর কী হতে পারে। জাতিসংঘ বর্তমানে কেবল প্রভাবশালী রাষ্ট্রগুলোর ইচ্ছানুযায়ী পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, এই বিশ্ব সংস্থা গাজা সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক সহিংসতা বন্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সব রাষ্ট্রের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া ইসরায়েলের বর্তমান কার্যক্রম উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা ও শত্রুতা উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করছে বলেও তিনি সতর্ক করেন। ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ১৫৫টি দেশের সংসদীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language