ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি

ওয়াশিংটন, ১৫ এপ্রিল – ইরানকে অস্ত্র সরবরাহ না করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানের জবাবে শি জিনপিং জানিয়েছেন যে তিনি তেহরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছেন না। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য প্রকাশ করেছেন।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন তিনি বিভিন্ন সূত্রে ইরানকে চীনের অস্ত্র সরবরাহের বিষয়ে তথ্য পাচ্ছিলেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি শি জিনপিংকে চিঠি লিখে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। ট্রাম্পের চিঠির উত্তরে চীনা প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন যে এমন কোনো অস্ত্র হস্তান্তরের ঘটনা ঘটছে না।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই কূটনৈতিক যোগাযোগের বিষয়টি উঠে এসেছে।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬









