এশিয়া

এশীয় দেশগুলোর জ্বালানি নিরাপত্তায় ১০ বিলিয়ন ডলার দেবে জাপান

টোকিও, ১৬ এপ্রিল – ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোকে ১ হাজার কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাপান। বুধবার এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই নতুন সহযোগিতা কাঠামোর কথা জানান। এই অর্থ মূলত অপরিশোধিত তেলসহ বিভিন্ন জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় করা হবে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উদ্বেগ বাড়ছে।

অনেক দেশ ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ে জনগণকে বিশেষ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে ফিলিপাইন জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। বৈঠকে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগি সংক্রান্ত চুক্তি কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, এশিয়ার কোনো একটি দেশের পক্ষে এককভাবে এত বড় সরবরাহ সংকট মোকাবিলা করা সম্ভব নয়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, এশিয়ার দেশগুলোর সরবরাহ চেইনের সঙ্গে জাপান নিবিড়ভাবে যুক্ত এবং তারা একে অপরের ওপর নির্ভরশীল।

হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোর জন্য নির্ধারিত থাকে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এই সহায়তার পরিমাণ আসিয়ানভুক্ত দেশগুলোর এক বছরের অপরিশোধিত তেল আমদানির প্রায় সমান। বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ার নেতারা জাপানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই প্রকল্পের অর্থায়নে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন, নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স, জাইকা এবং এডিবির মতো রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো যুক্ত থাকবে। জাপানের প্রধানমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে, এই সহায়তার ফলে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে কোনো বিরূপ প্রভাব পড়বে না। ২০২৫ সালের শেষ পর্যন্ত জাপানের কাছে ২৫৪ দিনের চাহিদার তেল মজুত ছিল, যা থেকে ইতিমধ্যে তারা সরবরাহ শুরু করেছে।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language