মেলোনি ও ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে

ওয়াশিংটন, ১৫ এপ্রিল – ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে আবারও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মেলোনির সঙ্গে তার আগের সেই উষ্ণ সম্পর্ক আর নেই। মূলত পোপের প্রতি ট্রাম্পের করা কিছু বিতর্কিত মন্তব্যের সমালোচনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপে যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই ইতালীয় প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনির বর্তমান মনোভাবকে নেতিবাচক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন যে, যেসব রাষ্ট্র ইরানের মতো সংকটে যুক্তরাষ্ট্রের পাশে থাকতে চায় না, তাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আগের মতো থাকা কোনোভাবেই সম্ভব নয়। ট্রাম্পের এই ক্ষোভ কেবল ইতালির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশগ্রহণে অনীহা প্রকাশ করায় তিনি সামরিক জোট ন্যাটোরও তীব্র সমালোচনা করেন। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো কেন এই বৈশ্বিক সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি ন্যাটো জোটের দেশগুলো ইরান বা অন্য কোনো বড় সংকটে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ায়, তবে এই জোটের পেছনে বছরে শত শত বিলিয়ন ডলার খরচ করার কোনো যুক্তি নেই। মেলোনির অনড় অবস্থান এবং ন্যাটোর নিষ্ক্রিয়তার ফলে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দূরত্বের বিষয়টি এখন বিশ্ব রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠছে।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬









