শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারদের সম্মানে বাংলাদেশ মিশনের মধ্যাহ্নভোজ

ঢাকা, ১৬ এপ্রিল – জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত ফোর্স কমান্ডার এবং হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে এক বিশেষ মধ্যাহ্নভোজ সভার আয়োজন করেছে। গত বৃহস্পতিবার মিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। অনুষ্ঠানে রাষ্ট্রদূত বিশ্বের বিভিন্ন প্রান্তে অত্যন্ত জটিল ও প্রতিকূল পরিবেশে দায়িত্বরত ফোর্স কমান্ডারদের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন যে, এই কর্মকর্তাদের যোগ্য নেতৃত্বে বাংলাদেশি শান্তিরক্ষীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের মর্যাদা বৃদ্ধি করছেন। একই সঙ্গে তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা ও পেশাদারত্ব বজায় রাখতে জাতিসংঘ কর্মকর্তাদের অব্যাহত সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান। বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত বলেন, তাদের মহান আত্মত্যাগ বিশ্ববাসীর জন্য এক চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও জানান যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা হবে। মিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে এবং ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্স উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার ও জাতিসংঘের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এই আয়োজনে যোগ দেন।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









