আইন-আদালত

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত ঘোষণা

ঢাকা, ১৬ এপ্রিল – সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১৯ মে পূর্বনির্ধারিত ভোটগ্রহণ আর হচ্ছে না।

বুধবার রাতে বার কাউন্সিল ভবনে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দেশে চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারণা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে নির্বাচন পেছানোর আবেদন ও অনুরোধ করা হয়েছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে গত ২ এপ্রিলের সভার সিদ্ধান্ত স্থগিত করে ১৯ মের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

এর আগে ২ এপ্রিলের এক সভায় ১৯ মে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার এবং লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল আল মামুনসহ অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language