বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আইনজীবী শিশির মনিরের

ঢাকা, ১৪ এপ্রিল – সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে অ্যাডভোকেট শিশির মনির জানান, তিনি বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জন্য সাধারণ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। পাশাপাশি তিনি সারা দেশের আইনজীবীদের দোয়া এবং সমর্থন কামনা করেছেন।
উল্লেখ্য, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৪ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস। এছাড়াও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে। গত বছরের ৫ আগস্টের পর থেকে নির্বাচন না করে অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
এনএন/ ১৪ এপ্রিল ২০২৬









