মোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

ঢাকা, ১৫ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। তাদের কারাগার থেকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নথি সরবরাহ না করায় তা পিছিয়ে দেওয়া হয়। পরে আজকের দিন নতুন করে ধার্য করা হয়। এদিন প্রথমে প্রসিকিউশনের শুনানি অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার তিনটি অভিযোগে প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে নিরীহ আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকেই।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬









