জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সচেষ্ট: আইনমন্ত্রী

ঢাকা, ১৬ এপ্রিল – বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী জানান যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সুপারিশগুলো চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটিও কাজ করছে। কেন্দ্রীয় কমিটি বর্তমানে জেলা পর্যায়ের সুপারিশগুলো পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রেখেছে।

আইনমন্ত্রী আরও বলেন যে সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে সংশ্লিষ্ট কমিটিগুলো তা খতিয়ে দেখবে। পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে সে অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ভুক্তভোগীদের আইনি প্রতিকার প্রদানে বর্তমান সরকার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language