জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের ১০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা, ১৬ এপ্রিল – অস্বাভাবিক লেনদেন এবং আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের দশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগরের করা আবেদনে উল্লেখ করা হয় যে কাজী ইনাম আহমেদ অবৈধ উপায়ে ৩২ কোটি ৬৬ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেছেন যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া তার নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ৭৪ কোটি ৭৮ লাখ টাকার লেনদেনকে অস্বাভাবিক এবং সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী এই অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচারের চেষ্টা করা হয়েছে। তদন্তাধীন অবস্থায় আসামি তার অস্থাবর সম্পদ সরিয়ে ফেলতে পারেন অথবা মালিকানা পরিবর্তনের মাধ্যমে দেশত্যাগের চেষ্টা করতে পারেন এমন আশঙ্কায় হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
এর আগে একই মামলায় আদালত অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬









