আইন-আদালত

জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চতুর্থ সাক্ষীর জবানবন্দির দিন আজ

ঢাকা, ১৬ এপ্রিল – মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল মামলার তৃতীয় সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং জুনাইদ আহমেদ পলকের পক্ষে তার আইনজীবীরা এই কার্যক্রমে অংশ নেন। জেরা শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এই মামলায় রাষ্ট্রপক্ষ তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করে। সেখানে জয় ও পলককে জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয়। গত ২১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত আসত সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে এবং তা বাস্তবায়ন করতেন জুনাইদ আহমেদ পলক। প্রসিকিউশন মনে করে এই কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

পলকের আইনজীবীদের দাবি, ইন্টারনেট বন্ধের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছিল এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বর্তমানে এই মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন এবং জুনাইদ আহমেদ পলক কারাগারে আটক আছেন। গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language