জ্বালানি শেষ হয়ে সীতাকুণ্ডে থেমে গেল হানিফ পরিবহনের বাস

চট্টগ্রাম, ১৫ এপ্রিল – হানিফ পরিবহনের একটি বাস প্রায় ১৩ ঘণ্টা পর চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌঁছায়। এরপর জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরই বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে গন্তব্যে যেতে গিয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
আজ বুধবার সকাল সাতটার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে বাসটি যাত্রা শুরু করে।
সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ওপরই বাসটি দাঁড়িয়ে আছে। যাত্রীরা কেউ বাসের ভেতরে বসে আছেন, আবার কেউ রাস্তায় দাঁড়িয়ে অন্য যানবাহনে ওঠার চেষ্টা করছেন। যাত্রীরা জানান, জ্বালানি তেল আনার জন্য বাসের চালকের সহকারী বালতি নিয়ে আশপাশের ফিলিং স্টেশনে ঘুরছেন। তবে এক ঘণ্টা পার হলেও এখনো তেলের ব্যবস্থা করা যায়নি।
বাসের যাত্রী ওবায়দুর রহমান বলেন, তিনি কক্সবাজারের টেকনাফে যাওয়ার উদ্দেশে সিলেট থেকে বাসে ওঠেন। গতকাল সন্ধ্যা ছয়টায় বাসটি যাত্রা শুরু করে। পথে কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে। ১০ লিটার, ২০ লিটার করে তেল দেওয়া হয়েছে। ১০ লিটারের বেশি তেল পেতে দুটি ফিলিং স্টেশনে অতিরিক্ত টাকাও দিতে হয়েছে। এরপরও জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
আরেক যাত্রী মোবারক হোসেন বলেন, সকাল ৯টায় কক্সবাজারে তার একটি পেশাগত প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সীতাকুণ্ডেই আটটা বেজে গেছে। তিনি এখনো নিশ্চিত নন, প্রশিক্ষণে অংশ নিতে পারবেন কি না।
বাসচালক ওসমান গনি বলেন, সিলেট থেকে কক্সবাজার যেতে বাসে ১৬০ লিটার জ্বালানি লাগে। তিনি যাত্রা শুরু করেছিলেন ৭০ লিটার তেল নিয়ে। পথে অনেক ফিলিং স্টেশনে তেল নেওয়ার চেষ্টা করলেও বেশিরভাগ জায়গায় দীর্ঘ অপেক্ষার পরও তেল পাননি। শুধু তিনটি স্টেশনে সামান্য তেল পেয়েছেন। এতে করে বাসের তেল শেষ হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সীতাকুণ্ড থেকে কক্সবাজার যেতে আরও অন্তত ৬০ লিটার তেল প্রয়োজন বলে তিনি জানান।
ওসমান গনি আরও বলেন, কিছু যাত্রী চট্টগ্রামে নামার কথা ছিল। তাদের কয়েকজনকে কিছু টাকা দিয়ে লোকাল গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। বাকি যাত্রীদের কোম্পানির অন্য একটি গাড়িতে তুলে দেওয়া হবে। তেলের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬









