জাতীয়

দেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৫

ঢাকা, ১৪ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ১০৫ জন শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মৃত শিশুদের মধ্যে ছয়জন ঢাকার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের দুজন ও রাজশাহী বিভাগের একজন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ পাওয়া এক হাজার ১০৫ জন শিশুর মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের।

পাশাপাশি ৬৯৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে ঢাকা বিভাগের ২৯০ জন রয়েছে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের শরীরে। এর মধ্যে ঢাকা বিভাগেই আক্রান্তের সংখ্যা ১৫৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৯৩৫ জন শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২৫৮ জন করে রয়েছে। এছাড়া খুলনা বিভাগের ৭৯ জন ময়মনসিংহ বিভাগের নয়জন রাজশাহী বিভাগের ৮৯ জন রংপুর বিভাগের ১৩ জন সিলেট বিভাগের ২৬ জন এবং বরিশাল বিভাগের ৫০ জন শিশু রয়েছে।

এর আগে রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত হাম ও এর উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছিল। এর মধ্যে দুজনের মৃত্যু সরাসরি হামে হয়েছে বলে নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজন উপসর্গ নিয়ে মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৪ জন শিশু। দেশে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ১২৯ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে দুই হাজার ৮৯৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট নয় হাজার ৩০৪ জন শিশু।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language