জাতীয়

জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইল, ১৪ এপ্রিল – জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি সবার আগে এই সনদে স্বাক্ষর করেছিল। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি যে সনদে সই করেছে তার প্রতিটি অক্ষর এবং শব্দ তারা বাস্তবায়ন করবে।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

অন্যান্য বিরোধী দলের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকেই শুরুতে এই সনদে সই করতে দ্বিধা করেছিল। এমনকি একটি দল নির্বাচনের পর তড়িঘড়ি করে এতে স্বাক্ষর করেছে।

জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে তিনি জানান, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পেশাদার খেলোয়াড় তৈরির মতো কর্মসূচিতে বাধা সৃষ্টি করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। তিনি সতর্ক করে বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো তাদের প্রেতাত্মা রয়ে গেছে। তাই দেশ গঠনে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ এবং প্রি পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language