জাতীয়

চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় অবরুদ্ধ এমপি হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম, ১৪ এপ্রিল – চট্টগ্রাম নগরের সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের বাসভবনে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সেখানে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে তিনি ওই স্থান ত্যাগ করতে সক্ষম হন।

মঙ্গলবার দুপুরে দুটি গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়রের বাসভবনে পৌঁছান। তার উপস্থিতির খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা বাড়ির মূল ফটক ঘিরে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এর ফলে হাসনাত আবদুল্লাহ ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন এবং এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

অবরুদ্ধ চলাকালে বিক্ষোভকারীরা তাকে নানা প্রশ্ন করতে থাকেন। তারা জানতে চান কেন তিনি স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় তার উপস্থিতির প্রকৃত কারণ কী।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে হাসনাত আবদুল্লাহ বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন। এরপর পুলিশের নিরাপত্তায় তিনি ওই এলাকা ত্যাগ করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

উল্লেখ্য এম মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন।

২০১০ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে এর পরে তাকে বিভিন্ন সময় আওয়ামী লীগের কর্মসূচিতেও অংশগ্রহণ করতে দেখা যায়।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language