জাতীয়

আন্দামান সাগরে ট্রলারডুবি: ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ

ঢাকা, ১৪ এপ্রিল – আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম।

জানা যায়, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌযানটি। এছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে সেটি সমুদ্রে তলিয়ে যায়।

বিবৃতিতে সংস্থা দুটি জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনা মূলত রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং তাদের জন্য টেকসই সমাধানের অভাবের এক ভয়াবহ পরিণতি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা তাদের নিরাপদে বাড়ি ফেরার আশাকে আরও ম্লান করে দিয়েছে। অন্যদিকে ক্যাম্পে মানবিক সহায়তা দিন দিন কমে আসছে। সেখানে শিক্ষা ও কর্মসংস্থানের চরম অভাব থাকায় জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে মানুষ একটু নিরাপত্তা ও উন্নত সুযোগের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রযাত্রা বেছে নিচ্ছে। বিদেশে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা অসহায় মানুষদের ভুল তথ্য দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে আন্দামান সাগর বারবার এমন বিপজ্জনক যাত্রায় বের হওয়া মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

ইউএনএইচসিআর এবং আইওএম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে যেন তারা অর্থায়ন অব্যাহত রাখে এবং সংহতি জোরদার করে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীও উপকৃত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ যখন নতুন বছরকে বরণ করছে ঠিক তখনই এই দুর্ঘটনা স্মরণ করিয়ে দেয় যে মিয়ানমারে বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে।

সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া এমন ভয়ংকর সমুদ্রযাত্রায় আরও অনেক প্রাণ অকালে হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংস্থা দুটি।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language